নিউজ ডেস্ক || মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন করে চাপ তৈরি হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। এতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা আরও বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পট গোল্ডের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ দশমিক ৩৭ ডলারে। যদিও আগের সেশনে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।
অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৭ দশমিক ৫০ ডলারে উঠেছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার প্রত্যাশার তুলনায় বেশি হওয়ায় ফেড দ্রুত সুদহার কমাবে—এমন ধারণা দুর্বল হয়ে পড়েছে। সাধারণত উচ্চ সুদহার স্বর্ণের মতো সুদবিহীন বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দেয়।
এদিকে বিশ্ববাজারে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের দিকে। বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে এই বৈঠকের ফল আন্তর্জাতিক অর্থবাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। -সূত্র রয়টার্স
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।