মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনা জেলার কয়রা উপজেলা ও সুন্দরবনসংলগ্ন নদী এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে একাধিক ডাকাত চক্র—এমন অভিযোগ উঠেছে স্থানীয় জেলে, বনজীবী ও সাধারণ মানুষের কাছ থেকে। ‘দুলাভাই বাহিনী’ও জাহাঙ্গীর বাহিনী’সহ বিভিন্ন নামে পরিচিত এসব চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীপথে মাছ ধরতে যাওয়া জেলে ও বনজীবীদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি ও নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনের বিভিন্ন খাল, নদী ও বনাঞ্চলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে যাওয়া বনজীবীদের লক্ষ্য করেই এসব বাহিনী তৎপরতা চালায়। গভীর রাতে ট্রলার থামিয়ে অস্ত্রের মুখে নগদ টাকা, মাছ, জাল, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে জেলেদের মারধর ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটছে বলে দাবি এলাকাবাসীর।
ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতদের ভয়ে অনেক জেলে এখন সুন্দরবনে যেতে আতঙ্ক বোধ করছেন। জীবিকার তাগিদে নদীতে নামলেও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। কেউ কেউ নিরাপত্তাহীনতার কারণে পেশা পরিবর্তনের কথাও ভাবছেন।কয়রা উপজেলার কয়েকজন জেলে জানান, ডাকাত চক্রগুলো সংঘবদ্ধভাবে বিভিন্ন নামে পরিচিত হয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে। বন বিভাগের টহল বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম পেলেই তারা সক্রিয় হয়ে ওঠে। অনেক সময় মুখোশধারী অস্ত্রধারীরা নিজেদের নির্দিষ্ট বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় সচেতন মহল বলছে, সুন্দরবন এলাকায় জলদস্যু ও ডাকাত দমনে অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সফল অভিযান হলেও সম্প্রতি আবারও বিচ্ছিন্নভাবে অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে উঠছে। দ্রুত অভিযান জোরদার না হলে উপকূলীয় জনপদে আতঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে সাধারণ মানুষ ও বনজীবীরা প্রশাসনের কাছে দ্রুত বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের দাবি, সুন্দরবনের নদীপথে নিয়মিত নৌ টহল বৃদ্ধি, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সুন্দরবন এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।