এস.এম.শামীম, খুলনা।।খুলনায় অবস্থিত আদ-দ্বীন আকিজ হাসপাতাল-কে ঘিরে চিকিৎসা গাফিলতি, প্রসূতি মায়ের মৃত্যু, পেটে থাকা শিশুর মৃত্যু ও অতিরিক্ত অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। একের পর এক অভিযোগ সামনে আসায় সাধারণ রোগী ও স্বজনদের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক প্রসূতি মা সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অনেক ক্ষেত্রে পেটে থাকা নবজাতকের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও চিকিৎসকদের অবহেলাকে দায়ী করছেন স্বজনরা।
অভিযোগে বলা হয়, রোগীর শারীরিক অবস্থার চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অর্থ আদায়কেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে হাসপাতালের চিকিৎসক ডা: ফারজানা ইয়াসমিন, ম্যানেজার হোসেন আলী ও পরিচালক প্লাবন বসুর বিরুদ্ধে রোগী ব্যবস্থাপনায় অবহেলা এবং অর্থকেন্দ্রিক মনোভাবের অভিযোগ তুলেছেন কয়েকজন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোগীর অবস্থা সংকটাপন্ন হলেও অনেক সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করা হয়। এতে করে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। অভিযোগ রয়েছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ব্যয়ের নামে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা মিলছে না।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে ডা: ফারজানা ইয়াসমিন, ম্যানেজার হোসেন আলী ও পরিচালক প্লাবন বসুর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে, একের পর এক এমন অভিযোগের ঘটনায় খুলনার সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, রোগীর জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।