অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং কার্বন শোষণ বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের রামপালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার গুনাই ব্রিজ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি।
ব্র্যাকের ‘অপরাজেয় দেশ’ প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলে মোট ২৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির লক্ষ্য জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তোলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা।
এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, উপকারভোগী, ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের কর্মকর্তা’সহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এ কর্মসূচিতে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ‘অপরাজেয় দেশ’ প্রকল্পটি ব্র্যাক ও ব্ল্যাক ব্যাংকের অংশীদারত্বে গত ২০২৫ সালে বাগেরহাটের রামপাল, মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় চালু হয়। সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা, জলবায়ু উপযোগী কৃষি সম্প্রসারণ এবং পরিবেশগত টেকসইতা নিশ্চিত করার মাধ্যমে বর্তমানে প্রকল্পটি প্রায় ৪৬ হাজার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।