পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেলকাটি গ্রামের বাসিন্দা হায়দার আলী (৩৬) দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কেশবপুর-পাজিয়া সড়কের নতুনহাট বাজারে মহেন্দ্র ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হলে হায়দার আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত হায়দার আলী দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কেশবপুরের ফটো সাংবাদিক রায়হান জনির (রনি) ফুফাতো ভাই।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (২২ মার্চ-২৬) ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যার পর কেশবপুর-পাঁজিয়া সড়কের নতুনহাট বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। খুলনায় নেওয়ার পরও তার অবস্থার আরও অবনতি হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।
সোমবার আছর বাদ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।