নিজস্ব প্রতিনিধি || বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রাম থেকে অপহৃত শিশু রাফছাকে উদ্ধার করেছে র্যাব-৬। বুধবার রাতে অভিযান চালিয়ে কৈয়া বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা আ. রশিদ খানের প্রতিবেশী রাঙ্গা মিয়ার বাড়িতে বসবাস করতেন নয়ন। দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই পারিবারিক যাতায়াত ছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে বুধবার সকাল ১১টার দিকে রশিদের স্ত্রী তুলি বেগমের কোলে থাকা শিশু রাফছাকে কোলে নেওয়ার কথা বলে নয়নের স্ত্রী তাদের বাড়িতে নিয়ে যায়।
পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় রশিদ দম্পতি খোঁজ নিতে গেলে জানানো হয়, দোকানে খাবার কিনতে শিশুটিকে সঙ্গে নিয়ে গেছে। কিন্তু এরপরও তারা ফিরে না আসায় পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে অপহরণকারীরা শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে টাকা দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকিও দেয়। এ ঘটনায় শিশুটির বাবা রশিদ খান ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার পর পুলিশ ও র্যাব যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে।
শেষ পর্যন্ত বুধবার রাতে র্যাব-৬ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী নয়নকে গ্রেপ্তার করে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।