নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলায় ইজিবাইক চুরি মামলার ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল মোল্লা (৫০) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।গ্রেফতারকৃত জামাল মোল্লা উপজেলার গিলাতলা গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আদালতের দেওয়া সাজা এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে চলমান অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে লোহাগড়া থানার এসআই তারোক বিশ্বাসের নেতৃত্বে এএসআই কবীর, এএসআই হযরত আলী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গিলাতলা গ্রামে নিজ বাড়ি থেকে জামাল মোল্লাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ইজিবাইক চুরির একটি মামলায় বিচার শেষে আদালত জামাল মোল্লাকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (১২ জুন) সকালে নড়াইল আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, “ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে লোহাগড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
এদিকে, পলাতক আসামি গ্রেফতার হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, ইজিবাইক চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেক চালক ও মালিকের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।