মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি।। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত নাহিদ হোসেন হৃদয় (১৬) ওই গ্রামের মো. লিয়াকত শেখের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদয়ের ভাগ্নের স্ত্রী নুপুর (২০)-এর সাথে একই গ্রামের জুয়েল (৩০) নামে এক ব্যক্তির কথিত পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই অনৈতিক সম্পর্কের বিষয়ে হৃদয় ও তার পরিবার বাধা প্রদান করে আসছিল। এর জেরে শনিবার রাতে অভিযুক্ত জুয়েল ক্ষিপ্ত হয়ে হৃদয়ের বাড়িতে প্রবেশ করে।বাড়িতে প্রবেশের পর উভয় পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে হৃদয়ের বুকের বাম পাশে ও বাম হাতের কব্জিতে এলোপাতাড়ি আঘাত করে। হৃদয়ের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত জুয়েল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।রক্তাক্ত অবস্থায় স্বজনরা হৃদয়কে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হৃদয়ের জখম অত্যন্ত গভীর এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এই হামলার ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত জুয়েলের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন।
যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।