নিজস্ব প্রতিনিধি || বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে এক শিশুর মৃত্যুর পর দিঘির একমাত্র কুমিরটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তর করা হবে। একই সঙ্গে মাজার এলাকার নিরাপত্তাও জোরদার করা হবে।
জরুরি বৈঠকের পর জেলা প্রশাসক বলেন,দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।মঙ্গলবার রাতে জেলা প্রশাসন,পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার খুলনা থেকে একটি বিশেষজ্ঞ দল এসে এই উদ্ধার ও স্থানান্তর প্রক্রিয়া তদারকি করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে বাগেরহাটের ঐতিহ্যবাহী এই মাজারে কুমিরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম বন্ধের দাবি তুলেছেন স্থানীয় সচেতন নাগরিক ও প্রাণীপ্রেমীরা। তাদের অভিযোগ, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে কুমির দেখানো, খাবার বিক্রি এবং দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে একটি ব্যবসায়িক চক্র গড়ে উঠেছে।
স্থানীয়দের একটি অংশ মনে করছেন, ধর্মীয় স্থানের পবিত্রতা বজায় রাখতে এবং প্রাণীকল্যাণ নিশ্চিত করতে কুমিরকে কেন্দ্র করে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।