মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।
এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার রাতে অভিযান চালিয়ে ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।মামলার এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৫ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ এবং যশোর-৫ আসনের সাবেক এমপি ইয়াকুব আলী।
এছাড়াও যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদারসহ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের তালিকায় সাবেক মন্ত্রী ও এমপিদের সন্তানরাও রয়েছেন।মামলার এজাহারে এসআই আশরাফ উদ্দিন উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের আজিজ সিটি রোডে জড়ো হন। সেখানে তারা মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যান।পুলিশের দাবি, মামলার প্রথম ১৩ জন আসামি নিষিদ্ধ সংগঠনের ‘গডফাদার’ ও অর্থের জোগানদাতা। বাকিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।এদিকে, বিক্ষোভ মিছিলের ঘটনায় গত বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।