নিজস্ব প্রতিনিধি || খুলনা মহানগরীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় শহিদুল ইসলাম ওরফে সিজান (পিতা: শাহজাহান), পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার বাসিন্দাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে আদালত প্রাঙ্গণে সন্দেহজনকভাবে অবস্থান করছিল সিজান। এ সময় এটিএসআই আহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রসিকিউশন বিভাগে কর্মরত এসআই ইউসুফ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাক দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে আদালত প্রাঙ্গণে উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন।
আটকের পর তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি চাকু ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিজান মাদক মামলার আসামি পূর্বে আটককৃত মাদক ব্যবসায়ী মাসুম দেওয়ানের সঙ্গে দেখা করতে আদালতে এসেছিলেন। এছাড়া তিনি নিজেও টুটপাড়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, আটক সিজানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক করার পর তাকে আদালত প্রাঙ্গণের গারদে রাখা হয় এবং পরবর্তীতে খুলনা সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় আদালত এলাকায় তাৎক্ষণিক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।