নিজস্ব প্রতিবেদক।।নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প স্থলের নিরাপত্তা প্রহরীকে মারধরের ঘটনা ঘটেছে। এসময় প্রহরীকে লক্ষ্য করে গুলিও করেছে হামলাকারীরা। এ ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্পের পরিচালক মো. রেজাউল আলম বাদী হয়ে লবণচরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোমবার (৩ আগষ্ট) দুপুর আনুমানিক ২ টা ৪৫ মিনিটের দিকে লবণচরা থানাধীন খোলাবাড়ীয়া সাকিনস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানে ফাঁকা জায়গা এ হামলার ঘটনা ঘটেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোঃ তৌহিদুল ইসলাম আজাদ (৬০), পবিত্র কুমার সরকার (৪৫), সৈয়দ মোঃ ওবাইদুল্লাহসহ (৫৫) অজ্ঞাতনামা ৮/১০ জনকে বিবাদী করা হয়েছে।
আরো জানা যায়, দুপুর আনুমানিক ২ টা ১০ মিনিটের দিকে মো. রেজাউল আলম তার সহকর্মীদের নিয়ে লবণচরা থানাধীন খোলাবাড়ীয়া সাকিনস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানে বিল্ডিং নির্মান বিষয়ে একটি মিটিংয়ে যান। মিটিং শেষে তিনি তার সহকর্মীদেরকে নিয়ে দুপুর অনুমান ২ টা ৪০ মিনিটের দিকে উক্ত ক্যাম্পাস হইতে রওনা করেন। কিছুক্ষন পর ৪ টি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন বিবাদী মুখে মাক্স পড়া অবস্থায় একত্রিত হয়ে লবণচরা থানাধীন খোলাবাড়ীয়া সাকিনস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানে অনাধিকার প্রবেশ করে উক্ত ক্যাম্পাসের দারোয়ান মিলন করালী (৪৬), পিতা—সেরাফিন করালী, মাতা—আন্না করালী, সাং—বাড়ি নং—১৪৫, বয়রা জংসন ক্রস রোড, থানা—খালিশপুর, জেলা—খুলনার নিকট তাদের সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করে। তাদেরকে দেখে নিবে বলে হুমকি ধামকি দেয়। মিলন করালী (৪৬) অজ্ঞাতদের উক্ত স্থান থেকে চলে যাওয়ার জন্য বললে বিবাদীরা তার ওপর ক্ষীপ্ত হয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। মিলন করালী (৪৬) বিবাদীর হাত থেকে বাঁচার জন্য দৌড় দিলে অজ্ঞাতনামা একজন বিবাদী পিস্তল বের করে মিলন করালীকে (৪৬) হত্যার উদ্দেশ্যে গুলি করে। কিন্তু গুলিটি তখন গায়ে লাগেনি। পরবর্তীতে বিবাদীরা মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। মিলন করালী (৪৬) ঘটনার বিষয় মোবাইলের মাধ্যমে মো. রেজাউল আলমকে জানালে তিনি উক্ত স্থানে আরেকজন গার্ডকে পাঠান এবং তার সহকর্মীদের নিয়ে দ্রুত যান। এরপর মিলন করালীকে (৪৬) চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, এজাহারনামীয় ১—৩নং বিবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষ এবং অর্থের পৃষ্ঠপোষকতায় এবং তাদের নির্দেশে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন বিবাদী ক্যাম্পাসে প্রবেশ করে ক্যাম্পাসের নির্মাণ কাজে বিঘ্ন সৃষ্টির উদ্দেশ্যে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি হমকি প্রদান সহ তাদেরকে ক্যাম্পাসের দারোয়ান মিলন করালীকে (৪৬) হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে। এছাড়া ২০২৫ সালের ১৭ই নভেম্বর এজাহারনামীয় ১,২ ও ৩নং বিবাদীরা বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মান কাজে বাধা প্রদান করে এবং তাদেরকে হুমকি প্রদান করেছিলো। এ ঘটনার পর তৎকালীন সময়ে লবনচরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করাও হয়েছিলো।
বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মান কাজে বাধা প্রদান করার ঘটনায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক—কর্মকর্তা—কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সকলে ইউজিসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মানে বাধা প্রদানের বিষয়টি জানিয়েছিলো।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।