এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া উপজেলার অন্যতম ব্যস্ত পারাপারের স্থান দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে নদীর কোলঘেঁষে অবস্থিত একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনকে ঘিরে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে হাজার হাজার মানুষ নদী পারাপার করেন। যাত্রীদের মধ্যে রয়েছেন বয়স্ক, বৃদ্ধ, নারী, শিশু, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। পাশাপাশি ছোট ছোট যানবাহনও নিয়মিত এ ঘাট ব্যবহার করে। ফলে ঘাটটি সবসময়ই মানুষের পদচারণায় মুখর থাকে।
স্থানীয়দের অভিযোগ, নদীর একেবারে কোলঘেঁষে থাকা ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন অংশে ফাটল ও ক্ষয় দেখা দিয়েছে বলে দাবি তাদের। নদীর ভাঙন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অতিরিক্ত চাপের কারণে ভবনটির কোনো অংশ ধসে পড়লে মুহূর্তেই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
নিয়মিত পারাপারকারী যাত্রীরা জানান, প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়েই ভবনটির পাশ দিয়ে চলাচল করছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয় সচেতন মহল দ্রুত ভবনটির প্রকৌশলগত নিরাপত্তা পরীক্ষা, প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ এবং এলাকাটি নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।