খুলনার খবর || খুলনার জিরোপয়েন্ট হান্নান সড়কে স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অধিকার দাবিতে আমরণ অনশনে বসা মলি মল্লিক শেষ পর্যন্ত সংসার ফিরে পাননি। স্থানীয়ভাবে অনুষ্ঠিত এক শালিসে স্বামী ডা. ইন্দ্রজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গে সমঝোতার মাধ্যমে এককালীন ৩০ লাখ টাকা ভরণপোষণ গ্রহণ করে বৈবাহিক সম্পর্কের দাবি ছেড়ে দেন তিনি।
জানা যায়, গত বছরের ২৬ সেপ্টেম্বর পারিবারিকভাবে সনাতন ধর্মীয় রীতিতে মলি মল্লিক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইন্দ্রজিৎ বিশ্বাসের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও তাঁর পরিবার মলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়।
এর প্রতিবাদে গত ২৬ জুন স্বামীর বাড়ির সামনে আমরণ অনশনে বসেন মলি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং স্থানীয়রা তাঁর পাশে দাঁড়ান। তবে শেষ পর্যন্ত স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় ২৯ জুন অনুষ্ঠিত শালিসে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়।
শালিসের সিদ্ধান্ত অনুযায়ী, ডা. ইন্দ্রজিৎ বিশ্বাসের সঙ্গে মলির বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটবে এবং এর বিনিময়ে চিকিৎসকের পরিবার মলিকে এককালীন ৩০ লাখ টাকা প্রদান করবে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে; অনেকের মতে, অর্থের বিনিময়ে একজন নারীর সংসার ও বৈবাহিক অধিকারের স্বপ্নের অবসান ঘটেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।