মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পর এবার আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সমাবেশের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন—শহরের কাজীপাড়া এলাকার সৈয়দ তৌফিক জাহান, শফিকুল ইসলাম সুজন, বাবলু শেখ, সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার আনোয়ার হোসেন বাবু।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ও রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দুটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলোতে দাবি করা হয়, যশোরের গরীবশাহ রোড এলাকায় যুবলীগের পক্ষ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল ও সমাবেশ করা হয়েছে। বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে জড়িতদের শনাক্ত করতে অভিযানে নামে একাধিক টিম।
বুধবার মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষে গোপনে কার্যক্রম পরিচালনা এবং ঝটিকা মিছিলে সরাসরি অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটক ব্যক্তিরা জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ঘটনায় বুধবার দিবাগত মধ্যরাতে যশোর কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।