নিজস্ব প্রতিনিধি || খুলনায় গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিয়ে এক কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন।
মামলার পর সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত পুলিশ দম্পতিকে গ্রেফতার দেখানো হয়। নির্যাতনের শিকার কিশোরীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার (১৭ জুন) দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এ নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান, গরম কড়াই দিয়ে মেয়েটির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। যন্ত্রণায় মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে ওঠবস করানো হয় বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্ত্রী ওই কিশোরীর ওপর নির্যাতন চালান। তারা আরও জানান, এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র প্রায়ই গৃহকর্মীটির ওপর শারীরিক নির্যাতন করতেন। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পুরোনো আঘাতের চিহ্নও দেখা গেছে।
ঘটনার সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।