পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি-কোমরপুর সংযোগ ব্রিজ নির্মাণে এমপি’র আশ্বাসে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে নতুন আশার আলো দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ-২৬) কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী সাগরদাঁড়ি সংলগ্ন কোমরপুর খেয়াঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি খেয়াঘাটের জরাজীর্ণ অবস্থা ঘুরে দেখেন এবং যাতায়াতকারী সাধারণ মানুষের দুর্ভোগের কথা মনোযোগ সহকারে শোনেন। দীর্ঘদিন ধরে এই স্থানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে এমপি তাদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “সাগরদাঁড়ি ও কোমরপুর অঞ্চলের মানুষের নির্বিঘ্নে যোগাযোগের জন্য এখানে একটি স্থায়ী ব্রিজ অত্যন্ত জরুরি। আমি আপনাদের আশ্বস্ত করছি, একটি আধুনিক ও টেকসই ব্রিজ নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনীয় দাপ্তরিক উদ্যোগ গ্রহণ করা হবে, ইনশাল্লাহ।”
এমপি’র এই আশ্বাসে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদ সৃষ্টি করেছে।
এলাকাবাসীর মতে, এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি অঞ্চলের পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।