মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের অভিযোগকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি বিশেষ কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও যশোর জেলা যুবদল রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। এই সাংগঠনিক শক্তিতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ধারাবাহিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি দৈনিক রুপালী বাংলাদেশ’সহ কিছু অখ্যাত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।
যুবদল নেতারা দাবি করেন, দলের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু বহিষ্কৃত ব্যক্তি এবং ফ্যাসিবাদী মানসিকতার একটি গোষ্ঠী বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতেই এই চক্রান্ত করছে। রানা বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, যুবদলের কোনো নেতাকর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। এই অপপ্রচার শুধু নেতাদের ব্যক্তিগতভাবে নয়, বরং দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।
একই সঙ্গে তিনি সাংবাদিকদের এসব অভিযোগের সত্যতা তদন্ত করে দেখার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।