মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে ইজিবাইকে ভুলবশত ফেলে যাওয়া নগদ টাকা, রুপার গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ একটি ভ্যানিটি ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুলিশ বক্স।
যশোর হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই সন্ধ্যা সাতটার দিকে কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা অনামিকা পাল (২৩) পুলেরহাট থেকে ইজিবাইযোগে দড়াটনায় যাওয়ার পথে অসাবধানতাবশত তাঁর লাল রঙের ভ্যানিটি ব্যাগটি গাড়িতে রেখে নেমে যান। ব্যাগটিতে নগদ ছয় হাজার টাকা, এক জোড়া রুপার নূপুর, এক জোড়া রুপার আংটি, সিটি গোল্ডের কয়েকটি গয়না, দুটি সিম কার্ড, দুটি মেমোরি কার্ডসহ অন্যান্য ব্যক্তিগত সামগ্রী ছিল।পরে মনিরামপুর উপজেলার ডাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের চন্দন (২২) ও তাঁর সহযোগী ইমন (২১) ইজিবাইতে ব্যাগটি দেখতে পান। তাঁরা সততার পরিচয় দিয়ে ব্যাগটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুলিশ বক্সে জমা দেন।
এরপর হাসপাতাল পুলিশ ব্যাগে থাকা কাগজপত্র ও অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রকৃত মালিককে শনাক্ত করে তাঁর সঙ্গে যোগাযোগ করে।শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অনামিকা পাল প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করলে যাচাই-বাছাই শেষে হাসপাতাল পুলিশ তাঁর হাতে নগদ অর্থ, গয়না ও অন্যান্য সামগ্রীসহ ব্যাগটি বুঝিয়ে দেয়।
এ সময় হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত এএসআই আব্দুস সালাম, কনস্টেবল আজিজুল ইসলাম ফাহিমসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।ব্যাগ ফিরে পেয়ে অনামিকা পাল সততার পরিচয় দেওয়া দুই যুবক এবং হাসপাতাল পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, চন্দন ও ইমনের এই উদ্যোগ এবং হাসপাতাল পুলিশের দায়িত্বশীল ভূমিকা সমাজে সততা ও মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।