নিজস্ব প্রতিনিধি || রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে খুলনার আলোচিত ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনকে উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ জানিয়েছে, তিনি নিখোঁজ ছিলেন না; বরং আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে উদ্ধার করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুজনকে পাওয়া যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন, “কাজী নিজাম উদ্দিন সুজনকে ঘিরে নিখোঁজ সংক্রান্ত যে গুঞ্জন ছিল, তা সঠিক নয়। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, কাজী নিজাম উদ্দিন সুজন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান-এর জামাই। তার হঠাৎ ‘নিখোঁজ’ হওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরিবারের পক্ষ থেকে আগে দাবি করা হয়েছিল, সুজনের সঙ্গে কয়েকদিন ধরে যোগাযোগ করা যাচ্ছিল না। তবে গোয়েন্দা পুলিশের দাবি, বিষয়টি নিখোঁজের চেয়ে ভিন্ন—তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।
কোনো মামলা বা আইনি জটিলতার প্রেক্ষিতে তিনি আত্মগোপনে গিয়েছিলেন কি না—এ বিষয়ে পুলিশ স্পষ্ট কিছু জানায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি পরিষ্কার হতে পারে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।