খুলনা প্রতিনিধি।।খুলনা নগরীতে যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে সোনাডাঙ্গা থানাধীন মাদ্রাসা রোড এলাকার একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।
খুলনা মহানগর পুলিশ (কেএমপি) জানায়, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথভাবে মাদ্রাসা রোডের ১৯/২ নম্বর বেগম রাবেয়ার তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার শার্শা থানার ঘিবা (দক্ষিণ) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মোরশেদ আলী (৪৫) এবং বরিশাল কোতোয়ালি থানার ২৯ নম্বর কাশেমপুর এলাকার মৃত কাজী রুস্তম আলীর ছেলে কাজী কবির আহমেদ (৫০)।
পুলিশ জানায়, কাজী কবির আহমেদ একজন রেন্ট-এ-কার ব্যবসায়ী। তিনি কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, কাশিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি এবং বরিশাল মহানগর শ্রমিক লীগ আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্রে তাকে পেশাদার অস্ত্র ব্যবসায়ী হিসেবেও উল্লেখ করা হয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।