মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৮ মে) রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে একটি হার্ডওয়ার ও তিনটি ফার্ণিচারের দোকান পুড়ে যাওয়ায় প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, লাহুড়িয়া বাজারে বকুল শেখের সততা ফার্ণিচার অ্যান্ড হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্ণিচারের দোকানে ছড়িয়ে পড়ে।এ সময় বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হলে স্থানীয় ব্যবসায়ী ও আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লোহাগড়া উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আগুনে একটি হার্ডওয়ারের দোকান পুরোপুরি এবং দুটি ফার্ণিচারের দোকান আংশিক পুড়ে গেছে।
এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সততা ফার্ণিচার অ্যান্ড হার্ডওয়ারের মালিক বকুল শেখ জানান, তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ একতা ফার্ণিচারের মালিক ফারুক বিশ্বাস জানান, তার দোকান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।